ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম ও ফার্স নিউজসহ দেশটির সরকারি-বেসরকারি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি তাদের প্রতিবেদনে জানায়, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত ও যোদ্ধা নিজের জীবন উৎসর্গ করেছেন।”
খামেনির মৃত্যুর ঘটনায় দেশে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন বাহিনী হামলা চালায়। পরে রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনির নিহত হওয়ার কথা জানান। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
প্রথমদিকে তেহরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার না করলেও রোববার সকালে বাংলাদেশ সময় ইরান সরকার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে।
শিয়াপন্থি ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের প্রায় সব ক্ষেত্রেই খামেনির প্রভাব ছিল ব্যাপক। তার নির্দেশনাতেই মূলত রাষ্ট্র পরিচালিত হতো।
বিজ্ঞাপন
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করে ইসলামি বিপ্লব সংঘটিত হয়। ওই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন।
১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি।
সূত্র: সিএনএন, এক্সিওস








