Logo

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ, ২০২৬, ১১:৫৮
খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তেহরান। তার মৃত্যুতে দেশে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে খামেনির মৃত্যুতে ইরানে নিজেদের অভিযান শেষ হয়নি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পূর্ণ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে লেখেন, “ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তিদের একজন খামেনি নিহত।”

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও দাবি করেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও প্রত্যাশিত বিচার। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে এমন হামলা চালানো হয়েছে, যাতে লক্ষ্যবস্তুদের কিছু করার সুযোগ ছিল না।

ট্রাম্প আরও লেখেন, ইরানের জনগণের জন্য দেশ পুনরুদ্ধারের এটিই সবচেয়ে বড় সুযোগ। তার দাবি, ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী নয় এবং তারা নিরাপত্তা বা ক্ষমা চাইছে। তিনি বলেন, এখনই সুযোগ—তা না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, বিপ্লবী গার্ড ও পুলিশ বাহিনী দেশপ্রেমিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইরানকে নতুন পথে এগিয়ে নেবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, শুধু খামেনির মৃত্যু নয়—স্বল্প সময়ের ব্যবধানে দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ভারী ও নিখুঁত বিমান হামলা সপ্তাহজুড়ে বা প্রয়োজন অনুযায়ী চলবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে বিবিসি–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। ওই হামলাতেই তিনি নিহত হন। পরে প্রাসাদ প্রাঙ্গণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায়, হামলায় প্রাসাদটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ ও জামাইও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD