সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান: যুক্তরাজ্যের দাবি

ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলে। রোববার ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান থেকে সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বর্তমানে সাইপ্রাসে কয়েক হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, “ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে আমরা মনে করি না। তবে একটি দেশ পুরো অঞ্চলে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে, ফলে হুমকি বাস্তব এবং বাড়ছে। এই পরিস্থিতি আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।”
প্রতিরক্ষামন্ত্রী জানান, শনিবার বাহরাইন–এও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেসময় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র ব্রিটিশ সেনাদের অবস্থান থেকে কয়েকশ গজ দূরে আঘাত হানে।
বিজ্ঞাপন
এদিকে ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ শহরে বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় প্রতিরক্ষা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার এবং একটি বড় সামরিক শিল্প কমপ্লেক্সেও হামলা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো বার্তায় পুতিন এ ঘটনাকে “নৃশংস হত্যাকাণ্ড” আখ্যা দিয়েছেন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: এএফপি








