Logo

ইরানের নতুন নেতৃত্বে পছন্দের তিনজন আছেন: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১২:০৮
ইরানের নতুন নেতৃত্বে পছন্দের তিনজন আছেন: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবেন—এ প্রশ্নে নিজের পছন্দের তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের ধর্মীয় শাসকদের অপসারণের লক্ষ্যে সামরিক অভিযান শুরুর পর সম্ভাব্য নেতৃত্বের বিষয়ে তিনি তিনটি নাম বিবেচনায় রেখেছেন।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের নেতৃত্বের জন্য তার কাছে ‘খুব ভালো তিনটি পছন্দ’ রয়েছে। তবে এই মুহূর্তে তিনি কোনো নাম প্রকাশ করতে চান না। তার ভাষ্য, আগে কাজটি শেষ হোক, তারপর বিষয়টি সামনে আনা হবে।

এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুরু থেকেই এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তার ধারণা, পুরো অভিযান শেষ হতে প্রায় চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, ইরান ভৌগোলিক ও সামরিক দিক থেকে বড় ও শক্তিশালী দেশ হওয়ায় অভিযান সম্পন্ন করতে এই সময় প্রয়োজন হতে পারে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আগেই অভিযান শেষ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনায় বসার সুযোগ এখনো খোলা রয়েছে। তবে আলোচনা কবে শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি। তার মন্তব্য, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও তাদের আরও আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD