Logo

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক সৌদি প্রতিরক্ষামন্ত্রীর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১২:৪৯
পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক সৌদি প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের ভূখণ্ডকে লক্ষ্য করে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে রিয়াদ। এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুক্রবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান আসিম মুনির–এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ইরানকে ‘বিচারবুদ্ধি প্রয়োগের মাধ্যমে’ পরিস্থিতি অনুধাবন করা এবং বেহিসাবি হামলা না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের ভূখণ্ডে ইরানের হামলার প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৫ সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব ও পাকিস্তান। পরে এই জোটে যোগ দেয় তুরস্কও। ন্যাটোর আদলে তৈরি সেই চুক্তির নথিতে বলা হয়েছে, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশ যদি বাইরের কোনো দেশ বা শক্তি দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই হামলাকে স্বাক্ষরকারী সব দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং যৌথভাবে সেই হামলার মোকাবিলা করা হবে।

ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টেও একটি বিবৃতি পোস্ট করেছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেছেন, “আজ আমি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছি এবং এই মর্মে একমত হয়েছি যে ইরান বেহিসাবি হামলা চালাচ্ছে এবং এ ধরনের হামলা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলবে। আমরা আশা করছি, ইরান যথাযথ বিচারবুদ্ধি প্রয়োগ করে পরবর্তী সামরিক পদক্ষেপগুলো নেবে।”

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। শুক্রবার সৌদি আরবের মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস এবং দেশটির একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনী। তবে উন্নত এয়ার ডিফেন্স ব্যবস্থার সহায়তায় সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : আলজাজিরা, এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD