ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি জানিয়েছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদ উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সপ্তাহান্তে প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরও সেই হিসাব অনুযায়ী ২০ মার্চ শুক্রবার উদযাপিত হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৮ মার্চ বুধবার রমজানের ২৯তম দিনে চাঁদ দেখা যাবে না। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগে চাঁদ ডুবে যাওয়ায় ঐ দিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন হিসেবে পালিত হবে এবং পরের দিন শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
বিজ্ঞাপন
শারজাহ একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানিয়েছে, চাঁদ হয়তো কেবল ‘ইমেজ স্ট্যাকিং’ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হবে। খালি চোখে চাঁদ দেখা যাবে না। তবে আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামি দেশে পরিস্থিতি সুবিধাজনক থাকলে চাঁদ দেখা যেতে পারে।
পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম প্রধান উৎসব। এদিনের সূচনা হয় ঈদের নামাজ দিয়ে। এরপর পরিবার-পরিজন ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, দান ও খয়রাত বিতরণ এবং সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।
বিজ্ঞাপন
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি অন্যান্য ইসলামি দেশেও চাঁদ দেখা ও ঈদের তারিখ চূড়ান্ত করা হতে পারে পর্যবেক্ষণের ভিত্তিতে। তাই দেশটির মুসলমানরা ২০ মার্চ শুক্রবারকে সম্ভাব্য ঈদের দিন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন।








