ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ধ্বংস হওয়া বিমানগুলো ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস বাহিনীর।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানগুলো ধ্বংস করা হয়। এ বিষয়ে ইরান বা আইআরজিসির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
কুদস ব্রিগেড আইআরজিসির একটি গুরুত্বপূর্ণ শাখা। এটি শুধু দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা দায়িত্ব পালন করে না, পাশাপাশি মধ্যপ্রাচ্যে সক্রিয় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাসকে অস্ত্র ও রসদ সরবরাহ করাও কুদস বাহিনীর দায়িত্ব। মেহরাবাদ বিমানবন্দরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ; কুদস বাহিনী এখান থেকে অস্ত্র ও রসদ সরবরাহ করে।
বিজ্ঞাপন
এর আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চললেও কোনো সমঝোতা চুক্তি হয়নি। পরের দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে এবং একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে অভিযান শুরু করে।
যুদ্ধের এই ৮ দিনে ইরানের নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল মূলত ইরানের বিমানবাহিনীর ওপর লক্ষ্য রেখে অভিযান চালাচ্ছে।
সূত্র: এএফপি








