ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরায়েলে দুই হাজার মানুষ হাসপাতালে

ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধ শুরুর পর এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই এই বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর এখন পর্যন্ত মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণজনিত আতঙ্ক বা অন্যান্য দুর্ঘটনায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে বর্তমানে ১২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নয়জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। তবে গুরুতর অবস্থায় থাকা এসব রোগী সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালে ভর্তি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে যাচ্ছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। তারা বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।








