Logo

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, খুব শিগগিরই নাম ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৬:৫৩
ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, খুব শিগগিরই নাম ঘোষণা
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদ জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

পরিষদের সদস্য আহমেদ আল আমলহোদা জানিয়েছেন, নতুন নেতা নিয়োগের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেই ভোটের মাধ্যমে একজনকে নির্বাচিত করা হয়েছে। তবে তার নাম প্রকাশের আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন।

কিছু সদস্য ইঙ্গিত দিয়েছেন যে নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি এই পদে আসতে পারেন।

বিজ্ঞাপন

মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হচ্ছিল। তার বাবা ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।

ইরানে সর্বোচ্চ নেতা পদটি দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব—রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শেষ কথা বলেন তিনি।

আরেক সদস্য মোহসেন হায়দেরি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, বড় শয়তানও (যুক্তরাষ্ট্র) নির্বাচিত ব্যক্তির নাম উল্লেখ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ভূমিকা থাকা উচিত এবং তিনি মোজতবা খামেনিকে দুর্বল প্রার্থী বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

তবে ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং থাকবে না।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পার্সিয়ান ভাষায় দেওয়া এক পোস্টে সতর্কবার্তা দিয়ে বলেছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যারা জড়িত রয়েছেন তাদেরকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD