নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি-এর তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এটি দায়িত্ব নেওয়ার পর তার নির্দেশে পরিচালিত প্রথম সামরিক হামলা।
আইআরআইবির প্রকাশিত প্রতিবেদনে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও দেখানো হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।’ এই বার্তাটি নতুন নেতার নির্দেশের প্রতীকী উল্লেখ হিসেবে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তিনি ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। তার মৃত্যুর পর নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর প্রায় নয় দিনের মাথায় আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’।
বিজ্ঞাপন
ইরানের ক্ষমতার কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান সবচেয়ে উপরে। এই পদধারী ব্যক্তি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি এবং পার্লামেন্টসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
সূত্র: এএফপি।








