Logo

ইরানকে ‘চরম পরাজয়ের’ সতর্কবার্তা দিল সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১২:১৩
ইরানকে ‘চরম পরাজয়ের’ সতর্কবার্তা দিল সৌদি আরব
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। আরব অঞ্চলের বিভিন্ন দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলে চলমান যুদ্ধে ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে রিয়াদ।

বিজ্ঞাপন

রোববার দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একদিন আগে সৌদির অন্যতম বড় তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানের একটি ড্রোন আঘাত হানার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায় সৌদি সরকার।

বিবৃতিতে বলা হয়, কোনো বাস্তব ভিত্তি ছাড়াই ইরান যুক্তিহীনভাবে আরব অঞ্চলের দেশগুলোর দিকে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অভিযোগ করে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের দাবি, ঘোষণার সঙ্গে ইরানের বাস্তব কর্মকাণ্ডের মিল নেই।

বিবৃতিতে বলা হয়, যদি ইরান একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে চলমান সংঘাতে দেশটিকে বড় ধরনের পরিণতির মুখে পড়তে হবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরব ও ইরানের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এটাই প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিল সৌদি আরব।

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD