মধ্যপ্রাচ্যে সংঘাত : চার বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সংঘাতের কারণে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বর্তমানে বহুল ব্যবহৃত দুটি মানদণ্ড—ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে, যা প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১০৮ ডলার। এর আগের দিন শনিবারের তুলনায় রোববার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আরব সাগর ও পারস্য উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে। এজন্য অনেক সময় হরমুজ প্রণালীকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান প্রবেশদ্বার হিসেবেও উল্লেখ করা হয়।
মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই রুট ব্যবহার করেই তাদের তেল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে থাকে। ফলে এই পথ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড় ধরনের সংকটে পড়তে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজকে সতর্কবার্তা দিতে শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ সময় কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই স্তরে ফিরে এসেছে আন্তর্জাতিক তেলের বাজার।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি।








