Logo

সতর্কবার্তার পরও সৌদির তেলখনি লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১২:৩১
সতর্কবার্তার পরও সৌদির তেলখনি লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কঠোর সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরের দিকে বিস্ফোরক বহনকারী চারটি ড্রোন শায়েবাহ তেলক্ষেত্রের দিকে পাঠানো হয় বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠায় ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পদক্ষেপ নেওয়ায় তেলক্ষেত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরপর থেকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তেল অবকাঠামোকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

বিজ্ঞাপন

গত নয় দিনের মধ্যে শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। তিন দফা হামলার পর রোববার ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানায় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলা অব্যাহত থাকলে চলমান সংঘাতে ইরান বড় ধরনের পরিণতির মুখে পড়তে পারে।

সৌদি কর্তৃপক্ষ তখন সতর্ক করে বলেছিল, আঞ্চলিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা ইরানের জন্য গুরুতর পরাজয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং দুই দেশের সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

তবে সেই সতর্কবার্তার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ নিয়ে অল্প সময়ের মধ্যে চতুর্থবারের মতো ওই তেলক্ষেত্রে হামলার চেষ্টা করা হলো।

সূত্র: আলজাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD