যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশিদিন টিকবেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে ইরানের পরবর্তী নেতৃত্ব নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রভাবের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করে। তবে নির্বাচনের পরপরই ট্রাম্প কোনো প্রতিক্রিয়া না জানালেও এর আগে তিনি বলেছিলেন, এই পদে কাউকে নির্বাচিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।
মোজতবা খামেনি হলেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আলী খামেনি নিহত হন।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যিনি এই পদে আসবেন তাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি সেই অনুমোদন না পান, তবে তিনি বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো সরকারকে যেন একই ইস্যু নিয়ে আবার যুদ্ধ বা সামরিক অভিযান চালাতে না হয়, সেটিই তিনি চান। তার ভাষায়, কয়েক বছর পর আবার একই পরিস্থিতি তৈরি হোক—এটা তিনি চান না। বরং আরও বড় ঝুঁকি হতে পারে, যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসে।
এদিকে ইরানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব বা হস্তক্ষেপের সুযোগ নেই। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি পুরোপুরি ইরানের জনগণের ওপর নির্ভর করে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে।
সূত্র: আল-জাজিরা।








