যুদ্ধবিরতি নিয়ে চীন-রাশিয়া-ফ্রান্সের যোগাযোগ, শর্ত জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। এ বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধ থামাতে হলে প্রথম শর্ত হিসেবে ইরানের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যুদ্ধবিরতির জন্য ইরান প্রস্তুত থাকলেও তার আগে নিশ্চিত করতে হবে—দেশটির বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালানো হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। ওই ঘটনার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক অবকাঠামোর ওপর হামলা শুরু করে।
বিজ্ঞাপন
এর ফলে সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কয়েক দিনের মধ্যেই সংঘাত থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল জাজিরা।








