Logo

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা, হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১৩:২৪
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা, হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা হয়। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাসে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইরান থেকে ছোড়া হয়নি। তাদের ধারণা, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কোনোটি এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর থেকে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও আরও সক্রিয় হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে যেতে পারে।

এই সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টা পরই দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

সূত্র: এপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD