Logo

একযোগে ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ১৯:০৮
একযোগে ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিবের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। তার দাবি অনুযায়ী, মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক ধাপে হামলা পরিচালনা করেছে ইরানি নৌবাহিনী।

নৌবাহিনীর প্রধান আরও জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি। আলিরেজা তাংসিরির দাবি অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগার।

বিজ্ঞাপন

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে চলমান এই যুদ্ধে প্রথমবারের মতো প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ নিয়ে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপের মাধ্যমে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD