Logo

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ, ২০২৬, ২০:৪৮
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। গ্রেফতার ব্যক্তির নাম ফিলিপ সাংমা।

বিজ্ঞাপন

এসটিএফ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) ভোরে পশ্চিমবঙ্গের শান্তিপুর বাইপাস সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে এসটিএফের হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ফিলিপ সাংমাকে জিজ্ঞাসাবাদ করে হাদি হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করে এসটিএফ। ফয়সল করিম মাসুদের বয়স ৩৭ বছর, তার বাড়ি পটুয়াখালীতে। অপরদিকে ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই আসামি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনাও করছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করে ওসমান হাদিকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

সূত্র: আনন্দবাজার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD