হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

কয়েকজন মন্ত্রী ও হাজারো ইসরায়েলিকে সঙ্গে নিয়ে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেননি। পরে দখল করা পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনা করেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কঠোর নিরাপত্তার মধ্যে নেতানিয়াহু ও তার সঙ্গীরা ওই এলাকায় যান বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।
গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট দিয়ে হাজার হাজার ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। এ উপলক্ষে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুর সামনে রেখে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের আহ্বান জানিয়েছিল কয়েকটি ইসরায়েলি গোষ্ঠী। ওই আহ্বানের পর বিপুলসংখ্যক ইসরায়েলি সেখানে জড়ো হন বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।
বিজ্ঞাপন
একই সময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনিও নামাজ আদায় এবং পুরোনো শহরের বাজারে কেনাকাটার জন্য এলাকায় আসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইয়ম কিপ্পুর সামনে রেখে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে আসার আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ইসরায়েলিদের প্রবেশ ঠেকাতে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করতে মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পশ্চিম দেয়াল নিয়ে বিরোধ
পশ্চিম দেয়ালকে ইহুদিরা একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে এবং বর্তমানে এলাকাটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জেরুজালেমের ইসলামিক ওয়াকফ প্রশাসন ও ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেটের দাবি, পশ্চিম দেয়াল আল-আকসা মসজিদ-সংলগ্ন ইসলামের পবিত্র স্থাপনাগুলোর অংশ।
ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম দেয়াল প্রাঙ্গণ ২৪ ঘণ্টা খোলা রাখে। সেখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা এবং বিভিন্ন সরকারি আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি ও পরিচয় যাচাই করা হয়।
বিজ্ঞাপন
ইসরায়েলি কয়েকটি গোষ্ঠী ইয়ম কিপ্পুরের আগে ‘সেলিখোট’ নামে পরিচিত বিশেষ প্রার্থনা পালনের জন্য বাব আল-রহমার বাইরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিল। আগামী ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর পালিত হবে।
সামনে একাধিক ইহুদি ধর্মীয় উৎসব
১২ ও ১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে এ বছরের ইহুদি ধর্মীয় উৎসবের পর্ব শুরু হয়েছে। এরপর ২১ সেপ্টেম্বর পালিত হবে ইয়ম কিপ্পুর বা প্রায়শ্চিত্ত দিবস।
বিজ্ঞাপন
এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে সুক্কোট বা ফিস্ট অব ট্যাবারন্যাকলস। ৩ অক্টোবর পালিত হবে সিমখাত তোরাহ। ওই দিন ইহুদিদের বার্ষিক তোরাহ পাঠচক্রের সমাপ্তি উদ্যাপন করা হয়।
এদিকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। জেরুজালেম গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে ইসরায়েলিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালেও প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে পরে জানায় জেরুজালেম গভর্নরেট। তাদের ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালনের অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালনকে ঘিরে দীর্ঘদিনের বিরোধের মধ্যে নেতানিয়াহুর এই সফর নতুন করে ঘটনাটিকে আলোচনায় এনেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








