আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে জনসমক্ষে দেখা না যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরানের নেতৃত্বের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন উঠছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোজতবা খামেনি আদৌ জীবিত আছেন কি না তা নিয়েও তাঁর সন্দেহ রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ নিশ্চিত কোনো প্রমাণ দিতে পারেনি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, যদি খামেনি জীবিত থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে তাঁর একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত নেওয়া উচিত—আর তা হলো আত্মসমর্পণ করা।
বিজ্ঞাপন
তবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে বলেননি ট্রাম্প। তিনি এটিকে আপাতত গুজব হিসেবেও উল্লেখ করেছেন।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র রাজি নয় বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, ইরান চুক্তি করতে আগ্রহী হলেও বর্তমান প্রস্তাবগুলো ওয়াশিংটনের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়।
ট্রাম্প বলেন, সম্ভাব্য যেকোনো চুক্তি হতে হবে শক্ত অবস্থানের ওপর ভিত্তি করে এবং তা যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে থাকতে হবে। তবে সম্ভাব্য শর্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
বিজ্ঞাপন
ইরানের সম্ভাব্য বিকল্প নেতৃত্ব সম্পর্কে জানতে চাইলে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করে ট্রাম্প বলেন, এমন কিছু মানুষ আছেন যারা ভবিষ্যতে দেশটির নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা রাখেন।
সূত্র: সিএনএন








