আমিরাতে ইরানের হামলা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
বিজ্ঞাপন
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্ভাব্য হুমকি মোকাবিলা করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট শব্দ বলে উল্লেখ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। সোমবার ভোরে বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন আঘাত হানলে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ঘটনার কিছুক্ষণ পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, কয়েকটি ফ্লাইট দুবাইয়ের অন্য আন্তর্জাতিক বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার পর সীমিত পরিসরে তাদের ফ্লাইট পরিচালনা শুরু হবে। তবে নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
বিমানবন্দরে অবস্থানরত এক যাত্রী জানান, তারা এখনো বিমানবন্দরেই আটকে আছেন। প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরে অপেক্ষা করার পর পাইলট ঘোষণা দেন যে একটি নিরাপত্তাজনিত ঘটনার কারণে আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: বিবিসি








