Logo

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১১:৪৮
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের নবম পুলিশ জেলার একটি মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে এই হামলা চালানো হয়। হামলার সময় হাসপাতালে বহু রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তিনি জানান, প্রায় দুই হাজার শয্যার এই হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।

বিজ্ঞাপন

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ এলাকার ওই চিকিৎসাকেন্দ্র লক্ষ্য করেই হামলা চালানো হয়, যাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

বিজ্ঞাপন

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দুই দেশের মধ্যে অন্যতম তীব্র উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: এনডিটিভি, টোলো নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD