সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের মুসলিমদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে। এই চাঁদ দর্শনের ফলাফলের ওপর নির্ভর করে পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) সরকারি এক বিবৃতিতে জানানো হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুসারে ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন বুধবার পড়ছে। যদি ওই দিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় রমজান মাস পূর্ণ ৩০ দিনে শেষ হবে।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যারা খালি চোখ বা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে সক্ষম, তারা যেন নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য তথ্য প্রদান করেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলোর সহায়তাও নেওয়া যাবে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টিতে গুরুত্ব দেন এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিগুলোর সঙ্গে যুক্ত থাকেন।
দেশজুড়ে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো বুধবার সূর্যাস্তের সময় উঁচু স্থানগুলোতে বৈঠকে বসবে। সমস্ত প্রাপ্ত সাক্ষ্য যাচাই-বাছাই করে সুপ্রিম কোর্ট চূড়ান্তভাবে ঈদুল ফিতরের সূচি ঘোষণা করবে।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








