ট্রাম্পের সহায়তার আহ্বানে সাড়া দিল না ব্রিটেন, জার্মানি ও গ্রিস

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিজ দেশের না জড়ানোর বিষয়ে ওই মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
একদিন আগে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো যদি এই অঞ্চলে সামরিক সহায়তা প্রদান না করে, তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।
ট্রাম্পের এই সতর্কতার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ রক্ষাই বর্তমানে যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
স্টারমার আরও বলেন, ব্রিটেন কোনো বৃহৎ আকারের সংঘাতের অংশ হতে চায় না। বরং মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা প্রশমিত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে লন্ডন।
এদিকে, ইরানের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জার্মানি। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না এবং সামরিক উপায়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কোনও অভিযানেও যোগ দেবে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, যতদিন এই যুদ্ধ চলবে, জার্মানি কোনোভাবেই এতে অংশ নেবে না। এমনকি সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি সচল রাখার কোনও প্রচেষ্টাতেও আমাদের অংশগ্রহণ থাকবে না।
একইভাবে গ্রিসও হরমুজ প্রণালিতে কোনও ধরনের সামরিক অভিযানে জড়াবে না বলে জানিয়েছেন গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।
সূত্র: এএফপি।








