সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের ধারণা, এবার আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে রোজা ৩০ দিন পূর্ণ হয়ে পরদিন ঈদ উদযাপিত হতে পারে।
একই ধরনের পূর্বাভাস দিয়েছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে।
বিজ্ঞাপন
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন আকাশে চাঁদ দেখা সম্ভব হবে না। এর পরদিন ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।
এছাড়া ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি দূরবীন দিয়েও চাঁদ দেখা কঠিন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হলেও তা সাধারণভাবে দৃশ্যমান হবে না।
এসব হিসাব অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








