Logo

ইরানকে ‘পঙ্গু করতে’ যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১২:৫৪
ইরানকে ‘পঙ্গু করতে’ যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিচ্ছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। শুরুতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরাসরি কোনো আহ্বান না জানালেও সাম্প্রতিক পরিস্থিতিতে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উপসাগরীয় অঞ্চলের তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এসব দেশের এখন চাওয়া হলো ইরানের যেন উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের ওপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে। 

বিজ্ঞাপন

সূত্রগুলো জানিয়েছে, উপসাগরীয় ছয়টি দেশে এসব হামলা চালাচ্ছে ইরান। এসব হামলা উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাদের আশঙ্কা—ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায়, তাহলে উত্তেজনা বাড়লেই তেহরান এই অঞ্চলের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া হলো, ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া।

উপসাগরীয় এক সূত্রের ভাষ্য অনুযায়ী, আরব নেতাদের মধ্যে এখন একটি বিষয় পরিষ্কার—তাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি দুর্বল করে দেওয়া হোক। তাদের মতে, ইরানকে নিয়ন্ত্রণে আনা না গেলে অঞ্চলটি বারবার সংকটে পড়বে এবং তেল সরবরাহের পথ ঝুঁকির মুখে থাকবে।

বিজ্ঞাপন

শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরান তার আরব প্রতিবেশীদের প্রতি দীর্ঘদিন ধরেই সন্দেহপ্রবণ। অন্যদিকে এসব আরব দেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা আঞ্চলিক উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সময় এসব সূত্র এবং পাঁচজন পশ্চিমা ও আরব কূটনীতিক রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় দেশগুলো যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় এজন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD