Logo

হরমুজ প্রণালির উত্তেজনায় তেলের দাম একদিনেই ৩ শতাংশের বেশি বৃদ্ধি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৬:৩৫
হরমুজ প্রণালির উত্তেজনায় তেলের দাম একদিনেই ৩ শতাংশের বেশি বৃদ্ধি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এর জেরে একদিনেই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই ধরনের তেলের দামই বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআই ৯৬ দশমিক ৮৫ ডলারে। আগের দিনের তুলনায় ব্রেন্টের দাম বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন করা হয়, তার প্রায় ২০ শতাংশই এই পথ দিয়ে যায়। এ কারণেই প্রণালিটিকে অনেক সময় ‘বিশ্ব জ্বালানির প্রবেশদ্বার’ বলা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। গত ১৫ দিনে অন্তত ১২টির বেশি ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এই ধারাবাহিক হামলার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

জ্বালানি বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ওপরই বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD