‘ইসরায়েল ইতোমধ্যে বিজয়ী, তবে লক্ষ্য পূরণ হয়নি’

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল ইতোমধ্যে বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তবে যুদ্ধের মূল লক্ষ্য এখনো পূরণ হয়নি বলেও স্বীকার করেন তিনি।
বিজ্ঞাপন
জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিদেওন সার বলেন, ইরান যুদ্ধের ফলে নাটকীয়ভাবে দুর্বল হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারির আগের অবস্থায় আর ফিরে যেতে পারবে না। তার দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর যে উদ্দেশ্য ছিল তা এখনো অর্জিত হয়নি। ইরানের বর্তমান শাসনব্যবস্থা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করে তিনি জানান, সেই হুমকি দূর করাই তাদের লক্ষ্য। এ জন্য ধৈর্য ধরে মিশন শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
বিজ্ঞাপন
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই আলোচনার সমাপ্তি ঘটে।
এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক অভিযান চালায়।
বিজ্ঞাপন
সংঘাতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। ইরানের বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ পর্যন্ত ইরানে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
সূত্র: এএফপি








