Logo

ইরানে যুদ্ধ: জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৬:১৩
ইরানে যুদ্ধ: জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ এবং এর প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এ বছর জাতীয় দিবস উদযাপন স্থগিত করেছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালের ২৩ মার্চ প্রথম সংবিধান গ্রহণ করে পাকিস্তান। সেই স্মরণে প্রতিবছর দিনটি জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। সাধারণত এ উপলক্ষে রাজধানী ইসলামাবাদে সামরিক কুচকাওয়াচসহ নানা আয়োজন থাকে। তবে চলতি বছর এসব আয়োজন থাকছে না।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এবার জাতীয় দিবসের আয়োজন সীমিত রাখা হচ্ছে। কেবল পতাকা উত্তোলনের মধ্যেই দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল হওয়ায় পাকিস্তানও এর প্রভাব অনুভব করছে। নতুন তেলের চালান অনিয়মিত হয়ে পড়ায় দেশটিতে জ্বালানির সংকট তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের জন্য সাপ্তাহিক কর্মদিবস চার দিনে নামিয়ে আনা, বাসা থেকে কাজের ওপর জোর দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

সূত্র: জিও নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD