Logo

এখনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা আছে ইরানের : পেন্টাগন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ, ২০২৬, ১২:১৬
এখনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা আছে ইরানের : পেন্টাগন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলমান সংঘাতের কয়েক সপ্তাহ পার হলেও ইরানের এখনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা বজায় রয়েছে।

বিজ্ঞাপন

পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সেখানে তিনি বলেন, ইরান বিপুল অস্ত্রভাণ্ডার নিয়ে যুদ্ধ শুরু করেছিল, আর সে কারণেই যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমণাত্মক ও দৃঢ় অবস্থান নিয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তু শনাক্ত করে সেগুলো ধ্বংসের অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনো দেশটির কিছু সামরিক সক্ষমতা রয়ে গেছে।

বিজ্ঞাপন

জেনারেল কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে আঘাত হানা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করতে ৫ হাজার পাউন্ড (প্রায় ২ হাজার ২৭০ কেজি) ওজনের বিশেষ ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা কংক্রিট ভেদ করে ভেতরে বিস্ফোরণের জন্য তৈরি।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের আকাশসীমার আরও পূর্বাঞ্চলে প্রবেশ করে ড্রোন শনাক্ত ও ধ্বংস করছে। পাশাপাশি এ–১০ ওয়ারথগ যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে হরমুজ প্রণালিতে দ্রুতগতির নৌযান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

ড্যান কেইন বলেন, এএইচ–৬৪ অ্যাপাচি হেলিকপ্টারও দক্ষিণাঞ্চলীয় অভিযানে যুক্ত হয়েছে এবং ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। একই সঙ্গে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও অভিযান চলছে।

অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের দিকেই অগ্রসর হচ্ছে। তবে সংঘাত শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌ সক্ষমতা নিষ্ক্রিয় করা এবং দেশটি যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

তার দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের সাত হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং ভবিষ্যতে আরও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হবে।

সূত্র: পেন্টাগন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD