Logo

ইসরায়েলের হামলায় আইআরজিসি মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ, ২০২৬, ১৫:৩৪
ইসরায়েলের হামলায় আইআরজিসি মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

বিজ্ঞাপন

আইআরজিসি-পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, শুক্রবার ভোরে “আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর সন্ত্রাসী ও কাপুরুষোচিত হামলায়” তিনি নিহত হন। ইরানের একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমও নাঈনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও আইআরজিসি মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনির মৃত্যুর খবর প্রচার করেছে। তবে তিনি ঠিক কখন নিহত হয়েছেন বা মধ্যরাত থেকে চলমান হামলার কোন পর্যায়ে ঘটনাটি ঘটেছে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশান শহরে একাধিক হামলার ঘটনা ঘটে।

৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। ২০২৪ সাল থেকে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা অব্যাহত রয়েছে। তার এই বক্তব্যের পরপরই বা আগে হামলার সময় তিনি নিহত হয়েছেন কি না—তা এখনো পরিষ্কার নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি, আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD