নিউইয়র্কে রানওয়েতে প্লেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর লা গার্ডিয়া বিমানবন্দর-এ একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে রানওয়েতে থাকা একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতের এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া শাখা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে এয়ার কানাডা-র একটি বিমানের ধাক্কা লাগে। তবে ঘটনার পরপরই হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার রাত ১১টা ৩৮ মিনিটের দিকে সংঘর্ষটি ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই বিমানে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে তদন্তে নেমেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। সংস্থাটি জানিয়েছে, তারা তথ্য সংগ্রহ করছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, লা গার্ডিয়া বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত।
সূত্র: এনবিসি নিউজ








