Logo

যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিল ইরান, পূরণ না হলে সমঝোতা সম্ভব নয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৩:৫৪
যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিল ইরান, পূরণ না হলে সমঝোতা সম্ভব নয়
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতি নিরসনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে ছয় দফা শর্ত উত্থাপন করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তার বরাতে রোববার (২২ মার্চ) মেহের নিউজ এই তথ্য জানায়। তিনি স্পষ্টভাবে বলেন, এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা বা যুদ্ধবিরতি সম্ভব নয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে ইরান আগে থেকেই একটি বহুস্তরীয় পরিকল্পনা গ্রহণ করেছিল, যা এখন ‘উচ্চমাত্রার কৌশলগত ধৈর্য’ নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। ওই কর্মকর্তা দাবি করেন, বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে ইসরায়েলের আকাশসীমায় ইরান কার্যত ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও বলেন, ইরানের বর্তমান নীতি হলো ‘আগ্রাসনকারীদের শাস্তি দেওয়া’, যা চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি ‘ঐতিহাসিক শিক্ষা’ দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিলেও তেহরান তাদের নির্ধারিত শর্ত ছাড়া কোনো চুক্তিতে যাবে না।

বিজ্ঞাপন

ইরান যে ছয়টি শর্ত সামনে এনেছে সেগুলো হলো— ভবিষ্যতে আর কোনো যুদ্ধ না হওয়ার নিশ্চয়তা, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার, ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, পুরো অঞ্চলে সামরিক সংঘাত সম্পূর্ণ বন্ধ করা, হরমুজ প্রণালী নিয়ে নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো গঠন, ইরানবিরোধী গণমাধ্যম ও ব্যক্তিদের বিচার এবং প্রত্যর্পণ।

ইরানের অবস্থান অনুযায়ী, এসব শর্ত বাস্তবায়িত হলেই কেবল যুদ্ধ শেষ হওয়ার পথ খুলতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD