ইরান যুদ্ধ চান না যুক্তরাষ্ট্রের ৯২ শতাংশ নাগরিক

সিবিএস পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতে ৯২ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধের দ্রুত অবসান চান।
বিজ্ঞাপন
গত সপ্তাহে পরিচালিত এ জরিপে মোট ৩ হাজার ৩৩৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন, যাদের মতামত দেশটির সামগ্রিক জনমতের প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছে সিবিএস।
জরিপের ফলাফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের জনমতের মধ্যে দ্বৈত অবস্থানও স্পষ্ট হয়েছে। একদিকে অধিকাংশ মানুষ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন, অন্যদিকে ইরানে শাসন পরিবর্তন, জনগণের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশটির পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষেও বড় অংশ সমর্থন জানিয়েছেন।
বিজ্ঞাপন
তথ্য অনুযায়ী, ৯২ শতাংশ উত্তরদাতা দ্রুত সংঘাত শেষ করার পক্ষে মত দিয়েছেন। পাশাপাশি অনেক অংশগ্রহণকারী ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
জরিপে আরও দেখা যায়, ৭৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে ৬৮ শতাংশ মনে করেন, ইরান যাতে অন্য দেশের জন্য হুমকি হয়ে না ওঠে, তা নিশ্চিত করা প্রয়োজন।
তবে যুদ্ধ শেষ হলেও বর্তমান শাসনব্যবস্থা বহাল রাখার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন ৫৩ শতাংশ উত্তরদাতা।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, এই জরিপে যুক্তরাষ্ট্রের জনমতের একটি পরিষ্কার বার্তা পাওয়া গেছে— তারা সরাসরি যুদ্ধের বিপক্ষে থাকলেও ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পক্ষেই অবস্থান করছে।
সূত্র: জেরুজালেম পোস্ট








