যুক্তরাষ্ট্র আবারও হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পাল্টা জবাবে নতুন অস্ত্র ও ভিন্ন লক্ষ্যবস্তু ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ সতর্কবার্তা দেন।
বিজ্ঞাপন
আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তন আসবে। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন আনার কথা জানান তিনি।
মোহেব্বির ভাষ্য অনুযায়ী, নতুন সক্ষমতার অস্ত্র যুদ্ধক্ষেত্রে নামানো হবে, যা দেখে বিশ্ব অবাক হবে। তিনি আরও বলেন, আগের হামলায় যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল, ভবিষ্যতে সেগুলোই যে লক্ষ্য হবে এমন নয়। ইরানের হাতে এমন নতুন লক্ষ্যবস্তুও রয়েছে, যেখানে এখনো হামলা চালানো হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘমেয়াদি সংঘাতের জন্যও আইআরজিসি প্রস্তুত বলে দাবি করেন তিনি। তবে ইরান ঠিক কোন নতুন অস্ত্র বা লক্ষ্যবস্তুর কথা বলছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তবে এ দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পরও দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
তবে আইআরজিসির নতুন হুমকির পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।








