কোনো আলোচনা হয়নি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ভুয়া তথ্য ছড়াচ্ছে

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হয়নি। তার দাবি, অর্থ ও জ্বালানি বাজার নিয়ন্ত্রণ এবং বর্তমান পরিস্থিতি থেকে বের হতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ভুয়া তথ্য’ ছড়াচ্ছে।
এ বক্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই-এর আগের অবস্থানেরই প্রতিফলন। তিনিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করেছিলেন।
বিজ্ঞাপন
এর আগে ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে এবং এর লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান। একই সঙ্গে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার কথাও জানান।
ট্রাম্পের এ বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমতে শুরু করে এবং শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। তবে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমগুলো দ্রুতই এ দাবি নাকচ করে।
ইরানের সরকারি বিবৃতির বরাতে জানানো হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ চলছে না। বরং এই ধরনের বক্তব্যকে বিশ্ববাজারে তেলের দাম প্রভাবিত করার কৌশল এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের সময়ক্ষেপণ হিসেবে দেখছে ইরান।
বিজ্ঞাপন
এদিকে আলোচনার দাবি ঘিরে বিতর্কের মধ্যেই ইসরায়েলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেল আবিবে হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি স্থানে চারজন আহত হন। মধ্য তেল আবিবের একটি ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
এ ছাড়া রশ হেইন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে সেখানে কোনো হতাহতের তথ্য মেলেনি।
ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা








