Logo

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৬:২৯
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল ভারত
ছবি: সংগৃহীত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করবেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, যিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করবেন।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে, তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের প্রাণহানির পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

চলমান এই সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিভিন্ন দেশ ইতোমধ্যে চাপে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির পথে এগোতে আগ্রহ দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ১৫ দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতাহি জানিয়েছেন, মধ্যস্থতাকারী হিসেবে ভারতকেও চায় তেহরান। তার মতে, ঐতিহাসিক সম্পর্কের কারণে ভারত এই সংকটে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD