Logo

হরমুজ প্রণালি পেরোতে হলে দিতে হবে টোল, নতুন আইন করছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১৩:০৫
হরমুজ প্রণালি পেরোতে হলে দিতে হবে টোল, নতুন আইন করছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে চাওয়া সব বিদেশি জাহাজের জন্য টোল দেওয়া বাধ্যতামূলক করার একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই সেই আইনের খসড়া প্রস্তুত করার কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

একজন ইরানি পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায় নিশ্চিত করা।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেলের প্রায় এক পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর ইরান প্রণালিতে আংশিক অবরোধ জারি করেছে, যার কারণে তেলের আন্তর্জাতিক সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

ইরান জানিয়েছে, এই অবরোধ শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ দেশ যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। অন্য দেশগুলোর বাণিজ্যিক জাহাজ প্রণালি ব্যবহার করতে পারবে কোনো বাধা ছাড়াই। তবে হরমুজে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।

গত ২৪ মার্চ, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত সংস্থা (IMO) ও সংশ্লিষ্ট সদস্যরাষ্ট্রদের জানিয়েছে, প্রণালি ব্যবহার করতে চাওয়া দেশগুলোর জাহাজকে অবশ্যই অনুমতি নিতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD