রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত

রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য নতুন করে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে অতিরিক্ত এস-৪০০ সিস্টেম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এস-৪০০ সিস্টেম গুরুত্বপূর্ণ এলাকায় শত্রুর দীর্ঘ-দূরত্বের বিমান হুমকি মোকাবিলা করবে।
বিজ্ঞাপন
তবে রাশিয়ার কাছ থেকে কতসংখ্যক এস-৪০০ কেনা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা ক্রয় পরিষদের সভা সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুমোদনের পরে দর নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর করা হবে।
ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যেই রাশিয়ার এস-৪০০ ব্যবহার করছে। ২০১৮ সালে নয়াদিল্লি ৫টি ইউনিট কেনার জন্য ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে এ বছর বাকি দুটি সিস্টেম সরবরাহ করা হবে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ৭ মে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। এই অভিযানে পাকিস্তান-সম্পর্কিত সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যেখানে এস-৪০০ ব্যবস্থার কার্যকারিতা বিশেষভাবে সামনে আসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই অভিযানে এস-৪০০ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটি ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।
সূত্র:তাস








