মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপিত সব সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র এ দাবি করেছেন বলে ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
বিজ্ঞাপন
এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্থাপিত ১৭টি সামরিক ঘাঁটি ইরানের শক্তিশালী বাহিনী ধ্বংস করেছে। তার ভাষ্য, এসব ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৫ সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনার পর ইরান তার প্রতিরক্ষা নীতি আরও কঠোর করেছে। তার দাবি, ইরান অতীতে কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও আগ্রাসন চালাবে না। তবে কোনো দেশ আক্রমণ করলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার মতে, আগের মতো পরিস্থিতি আর থাকবে না এবং যুদ্ধ-পরবর্তী সময়ে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোকে মেনে চলতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, নিরাপত্তা দেওয়ার নামে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করেছে এবং সেই অর্থায়নেই সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে।
ইরানের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে বলেও উল্লেখ করেন এই মুখপাত্র। পাশাপাশি তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন যুক্তরাষ্ট্রের বাহিনীকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকে।








