ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি সমুদ্র এলাকায় একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে ইরান জানায়, তারা আগেই স্পষ্ট করেছে—বন্ধুত্বপূর্ণ দেশ ওমানের সার্বভৌমত্বকে সম্মান করে তেহরান।
বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
বিজ্ঞাপন
অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে থাইল্যান্ড ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, থাই তেল ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এই সমঝোতার ফলে জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কিছুটা কমবে এবং সাম্প্রতিক বিঘ্নের পুনরাবৃত্তির আশঙ্কাও হ্রাস পাবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকাংশে সীমিত করেছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে।








