Logo

মার্কিন ঘাঁটির তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ, ২০২৬, ১৭:৩৭
মার্কিন ঘাঁটির তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়ে সেই তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত সপ্তাহে অন্তত সাতটি স্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে কুয়েত, সৌদি আরব, তুরস্ক এবং কাতার-এ অবস্থিত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিও রয়েছে।

জেলেনস্কি বলেন, “নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা চলছে, অথচ একই সময়ে আগ্রাসী পক্ষ এসব স্থাপনা লক্ষ্যবস্তু করতে তথ্য দিচ্ছে”—এটিকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, তিনি রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক স্থাপনার অবস্থান ও গতিবিধি সম্পর্কিত তথ্য সরবরাহ করছে। এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তার দাবি, ড্রোন হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে কৌশলগত সহায়তাও দিচ্ছে মস্কো।

অন্যদিকে, সৌদি আরব-এর প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

খবরে বলা হয়, শুক্রবার (২৮ মার্চ) ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন এবং কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত রাডার প্রযুক্তিসম্পন্ন এই বিমান শত শত কিলোমিটার দূর থেকে আকাশপথের হুমকি শনাক্ত করতে সক্ষম এবং যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD