মার্কিন সেনাদের ‘জ্বালিয়ে দেওয়ার’ জন্য প্রস্তুত ইরানি সেনারা

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল সেনা পাঠায়, তবে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে তাদের বাহিনী। তিনি দাবি করেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলেই তাদের ‘জ্বালিয়ে দেওয়ার’ জন্য প্রস্তুত রয়েছে ইরানি সেনারা।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। তার ভাষ্য, “শত্রুরা প্রকাশ্যে সংলাপের কথা বললেও আড়ালে সামরিক পরিকল্পনা করছে। আমাদের সেনারা সেই সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত।”
বিজ্ঞাপন
এর আগে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলীতে করে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য স্থল হামলার প্রধান লক্ষ্য হতে পারে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে। এছাড়া হরমুজ প্রণালির বিভিন্ন কৌশলগত দ্বীপেও অভিযান চালানো হতে পারে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, এসব স্থানে অভিযান চালাতে গেলে মার্কিন বাহিনীকে ড্রোন, রকেট ও মাইনসহ কঠিন প্রতিরোধের মুখে পড়তে হতে পারে। এমনকি কোনো এলাকা দখল করলেও তা ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এছাড়া ধারণা করা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের বিষয়টিও সম্ভাব্য সামরিক পরিকল্পনার অংশ হতে পারে।








