বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম, একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে দেখা গেছে বড় ধরনের দরপতন। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত তীব্র হওয়ায় বাজারে অস্থিরতা বেড়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে যায়। এতে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তেলের দাম। এর আগে ১৯ মার্চ সাময়িকভাবে দাম ১১৯ ডলার ছুঁয়েছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, এশিয়ার শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশ কমেছে, আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ৪ শতাংশের বেশি পতনের মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত শুরুর পর থেকেই তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির খরচ বাড়ছে এবং বিভিন্ন দেশকে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে।
তারা আরও সতর্ক করেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দামে আরও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে।








