ইরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ডোনাল্ড ট্রাম্প

ইরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, “সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেওয়া, কিন্তু (যদি আমি তা শুরু করি তাহলে) যুক্তরাষ্ট্রের কিছু নির্বোধ লোক বলবে, ‘আপনি এটা কেন করছেন?’ তবে তারা নির্বোধ।”
খার্গ দ্বীপের দখল নেওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা খার্গ দ্বীপের দখল নিতে পারি, না ও নিতে পারি…এমনও হতে পারে যে খার্গ দ্বীপের দখল নিয়ে আমরা সেখানে কিছু সময়ের জন্য অবস্থানও নিতে পারি— আমাদের হাতে অনেক বিকল্প আছে।”
বিজ্ঞাপন
খার্গ দ্বীপে ইরানের প্রহরা ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানের আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি।”
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরানের অর্থনীতি অনেকটাই তেল রপ্তানির ওপর নির্ভরশীল। দেশটির প্রমাণিত তেলের মজুদ প্রায় ২০৮.৬ বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মজুদের উল্লেখযোগ্য অংশ।
বিজ্ঞাপন
পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ ইরানের জ্বালানি খাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এখান থেকেই দেশের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাস বিদেশে রপ্তানি করা হয়, যা দ্বীপটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।








