ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুস গোয়ালের সঙ্গে ৮ এপ্রিল বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন এবং জ্বালানি আমদানির বিষয়টি গুরুত্ব পেতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় বাংলাদেশ বিকল্প হিসেবে ভারত থেকে জ্বালানি আমদানির পরিকল্পনা করছে। বিশেষ করে ডিজেল সরবরাহ বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে পারে।
বিজ্ঞাপন
জানা গেছে, ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে নয়াদিল্লিতে এই সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমানের নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ভারতের সমর্থন চাওয়ার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষের পথে। নতুন করে চুক্তি করতে হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।








