Logo

ন্যাটো ছাড়ার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল, ২০২৬, ১৭:২৭
ন্যাটো ছাড়ার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে মিত্রদের সহযোগিতা না পাওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তিতে থাকা উচিত কি না, তা নতুন করে ভাবা হচ্ছে।

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাবে মিত্র দেশগুলো সাড়া না দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর প্রতি আস্থা কমেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ন্যাটো সদস্যপদ নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি পুনর্বিবেচনার বাইরে নয়। তার ভাষায়, তিনি আগে থেকেই জোটটির কার্যকারিতা নিয়ে সন্দিহান ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তা জানেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মিত্রদের পাশে থেকেছে, কিন্তু প্রয়োজনের সময় একই সমর্থন পায়নি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরানবিরোধী যুদ্ধে অংশ না নেওয়ায় ব্রিটিশ নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ন্যাটোকে ‘একতরফা সম্পর্ক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সংঘাত শেষ হলে যুক্তরাষ্ট্রকে জোটের সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে হবে।

রুবিওর এই মন্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ধারণা, এ সংঘাত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে এবং এর লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

বিজ্ঞাপন

সূত্র: দ্য টেলিগ্রাফ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD