শতাধিক ভারি ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা ইরানের

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে শতাধিক ভারি ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বৃহস্পতিবার সর্বশেষ দফায় এই হামলা ইরান ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো যৌথভাবে পরিচালনা করেছে।
বিজ্ঞাপন
আইআরজিসির মতে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানও লক্ষ্যবস্তু ছিল। এর মধ্যে বাহরাইনে মার্কিন ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে অবস্থানরত একটি হেলিকপ্টার ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি দাবি করেছে, কুয়েতের ওই ঘাঁটিতে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুওয়াইন শহরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। এর আগে ফুজাইরাহ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয় এবং ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, সংঘাত চলাকালে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ১৮৬টি ক্ষেপণাস্ত্র ও ৪১৯টি ড্রোন ভূপাতিত করেছে।
দেশটির কর্তৃপক্ষ জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা ও সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে এবং ধ্বংসাবশেষের ছবি না তোলার পরামর্শ দিয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








