হরমুজ প্রণালি চালু নিয়ে ইরান-ওমানের বৈঠক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে খোলা রাখার উপায় নিয়ে ইরান ও ওমান বৈঠক করেছে। ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রোববার (৫ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞদের উপস্থিতিতে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সম্ভাব্য বিকল্পগুলো আলোচনা করা হয়। উভয় পক্ষের বিশেষজ্ঞরা বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেছেন।
বিজ্ঞাপন
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করেছে, ফলে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট কার্যত বন্ধ হয়ে গেছে। সাধারণ সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
আরও পড়ুন:
ইরান আগেই জানিয়েছিল, যুদ্ধ শেষে ওমানের সঙ্গে সমন্বয়ে একটি শান্তিকালীন প্রটোকল প্রণয়ন করা হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম-কানুন নির্ধারণ করা হবে। পাশাপাশি ইরানের পার্লামেন্টের একটি কমিটি প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, এই আলোচনা হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও যুদ্ধে পরিস্থিতি অব্যাহত থাকায় তাৎক্ষণিক সমাধান অনিশ্চিত।
সূত্র: এএফপি








