যুদ্ধবিরতির শর্তে কঠোর অবস্থানে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক নয়—এমন ধারণা থেকেই তেহরান এ অবস্থান নিয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট সময়সীমা বা চাপ প্রয়োগ করে ইরানকে সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করা যাবে না।
ওই কর্মকর্তা আরও জানান, পাকিস্তানের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইরান নিজের কৌশলগত স্বার্থকেই অগ্রাধিকার দেবে বলে স্পষ্ট করেছে।
বিজ্ঞাপন
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এই রুটে যেকোনো ধরনের বিঘ্ন সরাসরি বৈশ্বিক বাজার ও অর্থনীতিতে প্রভাব ফেলে।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামরিক তৎপরতা ও পাল্টাপাল্টি হুমকির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে প্রণালিটির কার্যক্রম সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই অবস্থান থেকে বোঝা যায়—দেশটি সাময়িক সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও কার্যকর সমঝোতার দিকেই এগোতে চায়।








